Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সেনাসদস্য পিয়াস - Chief TV

সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সেনাসদস্য পিয়াস - Chief TV

2026-09-09  ডেস্ক রিপোর্ট  56 views
সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সেনাসদস্য পিয়াস - Chief TV

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াসসহ দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ফিল্ড ফায়ারিং অনুশীলনের একপর্যায়ে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে দুই সেনাসদস্য প্রাণ হারান। আহত সেনা কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল ওয়াহাবের ছেলে। পরিবারের তিন বোনের একমাত্র ভাই ছিলেন তিনি। চাকরির সুবাদে পরিবার নিয়ে চট্টগ্রামের সেনা কোয়ার্টারে বসবাস করতেন পিয়াস।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত্যুর মাত্র কয়েকদিন আগেই পিয়াস বাবা হয়েছিলেন। সদ্যজাত সন্তানকে ঘিরে পরিবারে যখন আনন্দের আবহ, ঠিক তখনই তার আকস্মিক মৃত্যুর খবর আসে। এতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয়রা জানান, পিয়াস শান্ত, ভদ্র ও অমায়িক স্বভাবের ছিলেন। সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন তিনি। দেশের সেবায় নিয়োজিত এই তরুণের এমন আকস্মিক মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূদম পুষ্প চাকমা বলেন, দেশের সেবায় নিয়োজিত একজন তরুণের এভাবে অকালে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াসের আকস্মিক মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।


Share: