মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি বিষধর মনোক্লেড কোবরা বা গোখরার বাচ্চা উদ্ধার করা হয়েছে। একসঙ্গে এতগুলো বিষধর সাপের বাচ্চা পাওয়ায় বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কমলগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে জাপানি বাড়ি মুজাহিদ মঞ্জিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাপানপ্রবাসী মুজাহিদ আলীর বাড়ির সিঁড়ির নিচে পরিবারের সদস্যরা কয়েকটি সাপ দেখতে পান। পরে বিষয়টি রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ।
পরে তারা সিঁড়ির নিচে তল্লাশি চালিয়ে সাপগুলোর অবস্থান শনাক্ত করেন। সাপগুলো মনোক্লেড কোবরা প্রজাতির এবং অত্যন্ত বিষধর বলে জানান সংশ্লিষ্টরা। সতর্কতার সঙ্গে একে একে পাঁচটি গোখরার বাচ্চা উদ্ধার করা হয়।
উদ্ধার করা সাপগুলো পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সাপগুলো উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বসতঘরের সিঁড়ির নিচে একসঙ্গে পাঁচটি বিষধর সাপের বাচ্চা উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।