Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / সৈয়দপুরে দিনে-দুপুরে দুই প্রতিষ্ঠানে চুরি, লুট কোটি টাকার মালামাল - Chief TV

সৈয়দপুরে দিনে-দুপুরে দুই প্রতিষ্ঠানে চুরি, লুট কোটি টাকার মালামাল - Chief TV

2026-09-16  মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  23 views
সৈয়দপুরে দিনে-দুপুরে দুই প্রতিষ্ঠানে চুরি, লুট কোটি টাকার মালামাল - Chief TV

নীলফামারীর সৈয়দপুরে দিনে-দুপুরে একটি শপিংমলের দুই ব্যবসা প্রতিষ্ঠানের তালা কেটে বিপুল পরিমাণ মালামাল চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া মালামালের বাজারমূল্য প্রায় কোটি টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে শহরের বৃহৎ শপিংমল সৈয়দপুর প্লাজার নিচতলায় বিদ্যুৎ জুয়েলার্স ও ইনফিনিক্স মোবাইল ফোন শোরুমে এ চুরির ঘটনা ঘটে।

শপিংমলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে দুই প্রতিষ্ঠানের তালা কেটে চুরির ঘটনা ঘটে।

বিদ্যুৎ জুয়েলার্সের মালিক মিঠু জানান, সকালে দোকান খুলতে এসে তিনি তালা কাটা অবস্থায় দেখতে পান। পরে বুঝতে পারেন, দোকান থেকে বিপুল পরিমাণ রুপার গহনা চুরি হয়েছে। চুরির পর দুর্বৃত্তরা সেখানে নতুন তালা লাগিয়ে যায়। তাঁর দাবি, চুরি হওয়া রুপার গহনার বাজারমূল্য প্রায় ৪২ থেকে ৪৫ লাখ টাকা।

একই সময়ে শপিংমলের ইনফিনিক্স মোবাইল ফোন শোরুমেও চুরির ঘটনা ঘটে। শোরুমের ব্যবস্থাপক আব্দুল মমিন জানান, বিভিন্ন পাইকারি ব্যবসায়ীর কাছে সরবরাহের জন্য আগের দিন কোম্পানি থেকে বিপুলসংখ্যক মোবাইল ফোন শোরুমে আনা হয়েছিল। দুর্বৃত্তরা তালা কেটে শতাধিক দামি মোবাইল ফোন নিয়ে যায়। এসব ফোনের বাজারমূল্য প্রায় ৫৫ লাখ টাকা। এছাড়া ক্যাশ বাক্স ভেঙে ৬৫ হাজার টাকা নিয়ে যায় তারা।

চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম। তিনি জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। তবে এ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করা হবে।

এদিকে, সৈয়দপুর প্লাজার একাধিক ব্যবসায়ী নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, শপিংমল কর্তৃপক্ষের নিরাপত্তায় অবহেলার কারণেই দিনের বেলায় এমন চুরির ঘটনা ঘটেছে। তাদের প্রশ্ন, ১১ জন নিরাপত্তাকর্মী দায়িত্বে থাকা অবস্থায় কীভাবে তালা কেটে চুরি হলো।

তবে সৈয়দপুর প্লাজার প্রকল্প পরিচালক আলহাজ্ব গুলজার আহমেদ বলেন, ব্যবসায়ীদের বারবার সতর্ক করা হলেও অনেকে প্রতিষ্ঠান খোলা ও বন্ধের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মানেন না। একেকজন একেক সময়ে দোকান খোলেন ও বন্ধ করেন, এতে নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালনে সমস্যায় পড়তে হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে থানায় অভিযোগ করা হবে বলেও জানান তিনি।


Share: