তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণরা যেভাবে পরিবর্তনের জন্য এগিয়ে এসেছিল, একইভাবে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তেও তাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণরা পরিবর্তন এনেছিল। এবার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও তাদের এগিয়ে আসতে হবে। তরুণরা চাইলে দেশটাকে পরিবর্তন করা সম্ভব।
ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, শতভাগ প্রতিরোধ সম্ভব না হলেও ৮০ শতাংশ পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব। আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলেও জানান তিনি।
তিনি বলেন, প্রত্যেকে যদি প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন, তাহলে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই কমানো সম্ভব। একই সঙ্গে রাস্তা-ঘাটে যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, দেশকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিজের সুস্থতার পাশাপাশি পরিবার, সমাজ এবং দেশকে সুস্থ রাখার দায়িত্বও প্রত্যেকের রয়েছে।