প্রযুক্তি ও ফ্যাশনের দ্রুত পরিবর্তনের মধ্যেও পুরোনো দিনের নস্টালজিয়া মানুষের মনে আলাদা জায়গা ধরে রেখেছে। সেই নস্টালজিয়াকে কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে তৈরি ৮০ ও ৯০ দশকের রেট্রো লুকের ছবি।
সাধারণ ব্যবহারকারীর পাশাপাশি তারকারাও নিজেদের বর্তমান ছবি এআইয়ের সাহায্যে রেট্রো স্টাইলে রূপান্তর করে দেখছেন, কয়েক দশক আগে তাদের চেহারা ও সাজ কেমন হতে পারত।
পুরোনো দিনের আবহে নতুন ছবি
৮০ ও ৯০ দশকের এআই ছবিতে ফুটে উঠছে পুরোনো দিনের স্টুডিও পোর্ট্রেটের আবহ। ৩৫ মিমি ফিল্মের দানা, উষ্ণ রঙ, নরম ফ্ল্যাশ, পুরোনো স্টুডিওর ব্যাকগ্রাউন্ড এবং সেই সময়ের পোশাক ও হেয়ারস্টাইল মিলিয়ে ছবিতে তৈরি হচ্ছে বাস্তবসম্মত রেট্রো অনুভূতি।
ডেনিম জ্যাকেট, উচ্চ কোমরের প্যান্ট, ভিনটেজ মেকআপ, বড় চুলের স্টাইল ও পুরোনো ফটোস্টুডিওর সেটআপ এসব ছবিকে আরও আকর্ষণীয় করে তুলছে। কেউ কেউ আবার ৯০ দশকের ঘরোয়া পরিবেশ, আর্কেড গেমিং, রেট্রো ডাইনার কিংবা সিনেমাটিক আবহও বেছে নিচ্ছেন।
চ্যাটজিপিটি বা এআই টুলে ছবি তৈরির নিয়ম
নিজের ভিনটেজ ছবি তৈরি করতে প্রথমে ChatGPT, Midjourney বা অন্য কোনো ছবি তৈরির এআই টুলে একটি ছবি আপলোড করতে হবে। এরপর কোন দশকের লুক চান, কী ধরনের পোশাক, হেয়ারস্টাইল, ব্যাকগ্রাউন্ড ও আলোর আবহ থাকবে—এসব বিষয় স্পষ্ট করে প্রম্পট দিতে হবে।
ছবিতে নিজের চেহারা ও পরিচয় অপরিবর্তিত রাখতে প্রম্পটে মুখের গঠন, বয়স, ত্বকের রং ও পরিচয় পরিবর্তন না করার নির্দেশনাও যুক্ত করা যায়।
রেট্রো ছবি তৈরির একটি সহজ প্রম্পট
“আমার আপলোড করা ছবির মুখের গঠন ও পরিচয় অপরিবর্তিত রেখে আমাকে ১৯৮০-এর দশকের একটি বাস্তবসম্মত স্টুডিও পোর্ট্রেট হিসেবে তৈরি করুন। ৩৫ মিমি ফিল্মের দানা, উষ্ণ রঙ, নরম ফ্ল্যাশ, তৎকালীন হেয়ারস্টাইল ও পোশাক, পুরোনো স্টুডিওর ব্যাকগ্রাউন্ড এবং প্রাকৃতিক মুখের অভিব্যক্তি থাকবে। ছবিটি যেন পুরোনো ফিল্ম ক্যামেরায় তোলা আসল ছবি মনে হয়।”
এ ছাড়া ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী ৭০, ৮০ কিংবা ৯০ দশকের পোশাক, পরিবেশ ও ফটোগ্রাফির ধরন উল্লেখ করে ভিন্ন ভিন্ন লুক তৈরি করতে পারেন। যেমন—ডেনিম ও ঘন চুলের ৮০ দশকের স্টাইল, নব্বইয়ের বলিউড ঘরানার ফ্যাশন, পুরোনো ফটোস্টুডিও, ঘরোয়া পরিবেশ, আর্কেড কিংবা রেট্রো ডাইনার।
প্রম্পটে ৩৫ মিমি ফিল্ম, হালকা ফিল্ম গ্রেইন, উষ্ণ রঙ, নরম আলো, পুরোনো ফটোপেপারের টেক্সচার এবং সময়ের উপযোগী পোশাকের মতো নির্দেশনা যোগ করলে ছবিতে আরও বাস্তবসম্মত রেট্রো আবহ তৈরি হতে পারে।
এভাবেই কয়েকটি নির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে বর্তমান সময়ের ছবিকে সহজেই ৮০ বা ৯০ দশকের নস্টালজিক রেট্রো লুকে রূপ দেওয়া সম্ভব।