Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / ভারতে শিক্ষক দিবসে খাওয়াদাওয়ায় নাম না থাকায় প্রধানশিক্ষককে ছাত্রদের মারধর - Chief TV

ভারতে শিক্ষক দিবসে খাওয়াদাওয়ায় নাম না থাকায় প্রধানশিক্ষককে ছাত্রদের মারধর - Chief TV

2026-09-09  ডেস্ক রিপোর্ট  48 views
ভারতে শিক্ষক দিবসে খাওয়াদাওয়ায় নাম না থাকায় প্রধানশিক্ষককে ছাত্রদের মারধর - Chief TV

ভারতের জলপাইগুড়ি জেলা স্কুলে শিক্ষক দিবসের আয়োজনের খাবারকে কেন্দ্র করে প্রধানশিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে। হামলায় প্রধানশিক্ষক ধর্মচাঁদ বারুই আহত হয়েছেন। এ ঘটনায় বিদ্যালয়জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

গত শনিবার শিক্ষক দিবস পালিত হলেও মঙ্গলবার উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়। ওই আয়োজনকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত।

দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিযোগ, ভোজের আয়োজনে তাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা রাখা হয়নি। বিষয়টি নিয়ে শিক্ষকদের কাছে ক্ষোভ জানাতে গেলে একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, পরে একদল শিক্ষার্থী প্রধানশিক্ষকের ওপর চড়াও হয়ে তাকে মারধর করে।

হামলায় প্রধানশিক্ষকের মাথা ও কপাল থেকে রক্তপাত হয় এবং তিনি মেঝেতে পড়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশের গাড়ি আটকে বাধা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহত প্রধানশিক্ষককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঐতিহ্যবাহী জলপাইগুড়ি জেলা স্কুলে এমন ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।


Share: