দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১১ মাস বয়সী শিশু মারিয়া মাহরীন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার বিকেলে বিরামপুর পৌর শহরের জনতা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আল মাহমুদ।
জানা গেছে, প্রবাসফেরত মাহমুদুল হাসান স্ত্রী রুমি আক্তার, ছেলে আব্দুর রহমান (৭) ও মেয়ে মারিয়া মাহরীনকে নিয়ে মোটরসাইকেলে একটি দাওয়াতে যাচ্ছিলেন। পথে বিরামপুর পৌর শহরের জনতা ব্যাংকের সামনে পৌঁছালে পেছন থেকে একটি অটোরিকশা তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা পরিবারের সদস্যসহ কয়েকজন আহত হন।
পরে আহতদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রুমি আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত শিশু মারিয়া মাহরীনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া।