Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খুলনা বিভাগ / সারাদেশ / মাগুরা / কৌতূহলের বশে দৌলতদিয়ায় গেল ৫ বন্ধু, পুলিশের সহায়তায় উদ্ধার - Chief TV

কৌতূহলের বশে দৌলতদিয়ায় গেল ৫ বন্ধু, পুলিশের সহায়তায় উদ্ধার - Chief TV

2026-09-17  ডেস্ক রিপোর্ট  26 views
কৌতূহলের বশে দৌলতদিয়ায় গেল ৫ বন্ধু, পুলিশের সহায়তায় উদ্ধার - Chief TV

রাজবাড়ীর দৌলতদিয়ায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার সময় ১০ থেকে ১৩ বছর বয়সী পাঁচ শিশুকে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। পরে পরিবারের সদস্যদের খবর দিয়ে থানায় এনে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শিশুদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে শিশুদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুরা হলো—মো. হিরোন (১১), জিসান (১৩), আবুজার (১৩), মো. আব্দুল্লাহ (১৩) ও খালিদ বিশ্বাস (১০)। তাদের সবার বাড়ি মাগুরা সদর থানার কাদিরাবাদ এলাকায়।

পুলিশ জানায়, পাঁচ শিশু পরস্পরের বন্ধু। কৌতূহল ও দুরন্তপনার বশে তারা সকালে পরিবারের কাউকে না জানিয়ে একসঙ্গে বাড়ি থেকে বের হয়। পরে মাগুরা সদর এলাকা থেকে একটি ইজিবাইক ভাড়া করে দৌলতদিয়ায় পৌঁছে বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করছিল।

এ সময় টহল পুলিশের নজরে পড়লে সদস্যরা শিশুদের কাছে গিয়ে কথা বলেন। জিজ্ঞাসাবাদে তারা কৌতূহলবশত একসঙ্গে বাড়ি থেকে দৌলতদিয়ায় চলে আসার কথা জানায়। পরে শিশুদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ।

এদিকে সন্তানদের খুঁজে না পেয়ে উদ্বিগ্ন ছিলেন পরিবারের সদস্যরা। পুলিশ ফোন করে শিশুদের দৌলতদিয়ায় পাওয়ার খবর জানালে অভিভাবকেরা থানায় ছুটে আসেন। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পাঁচ শিশুকেই তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে পাঁচ শিশুকে উদ্ধার করা হয়েছে। তারা কৌতূহলবশত মাগুরা থেকে একসঙ্গে বের হয়ে দৌলতদিয়ায় চলে এসেছিল। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা থানায় এসে শিশুদের নিয়ে যান।


Share: