সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠে ঘনিষ্ঠতা। নিয়মিত যোগাযোগ ও কথাবার্তার একপর্যায়ে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। আর সেই প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরার শ্রীপুরে এক কিশোরীর বাড়িতে গিয়ে অবস্থান করছেন এক তরুণী। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
জানা গেছে, মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের এক কিশোরীর সঙ্গে প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় মাদারীপুরের রাজৈর উপজেলার ওই তরুণীর। পরে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়।
সম্প্রতি মাদারীপুর থেকে মাগুরার শ্রীপুরের টুপিপাড়া গ্রামে গিয়ে কিশোরীর পরিবারের বসতবাড়িতে অবস্থান করছেন ওই তরুণী। এর আগে কিশোরীও পরিবারের কাউকে না জানিয়ে মাদারীপুরে গিয়ে কয়েকদিন অবস্থান করেছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। পরে শ্রীপুর ও রাজৈর থানা পুলিশের সহযোগিতায় তাকে পরিবারের কাছে ফিরিয়ে আনা হয়।
পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, পরে মোবাইল ফোনে তাদের আবারও যোগাযোগ শুরু হয়। এরই ধারাবাহিকতায় ওই তরুণী ফের মাগুরায় গিয়ে কিশোরীর বাড়িতে অবস্থান করছেন।
ওই দুইজনের দাবি, মোবাইল ফোনের মাধ্যমে তারা বিয়ে সম্পন্ন করেছেন। এমনকি নিজেদের মধ্যে দাম্পত্য সম্পর্ক হয়েছে বলেও তারা দাবি করছেন।
তবে কিশোরীর পরিবারের দাবি, দুই নারীর মধ্যে এ ধরনের বিয়ে আইনগতভাবে সম্ভব নয়। বিষয়টি তারা পুলিশ ও মাদারীপুরে থাকা তরুণীর পরিবারকে জানিয়েছেন।