সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিভিন্ন উচ্চবিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ব্যতিক্রমী সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শাহাবুদ্দিন শাহীন পিপিএম। ধারাবাহিকভাবে উপজেলার বিদ্যালয়গুলোতে গিয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের নিয়ে অপরাধ প্রতিরোধে আলোচনা করছেন তিনি।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মহিষখলা উচ্চবিদ্যালয়ে অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। মধ্যনগর থানা পুলিশের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন ওসি কে এম শাহাবুদ্দিন শাহীন পিপিএম।
সভায় সুশৃঙ্খল সমাজ ও বাংলাদেশ গড়ে তুলতে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। সমাজের অপরাধ দমনে যুবসমাজের সৃজনশীল ভূমিকা এবং সব শ্রেণি-পেশার মানুষের রাষ্ট্রীয় আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও সুধীসমাজকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। পাশাপাশি বাল্যবিবাহ, ইভটিজিং, নৈতিকতা ও সাইবার অপরাধ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ওসি কে এম শাহাবুদ্দিন শাহীন বলেন, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং বর্তমান সমাজের বড় সমস্যা। এসব থেকে সমাজকে রক্ষা করতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অ্যান্ড্রয়েড মোবাইলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে অভিভাবকদেরও সন্তানদের প্রতি নজর রাখতে হবে, যাতে প্রযুক্তির অপব্যবহারে কেউ বিপথগামী না হয়।
তিনি আরও বলেন, জীবনে সফল হতে হলে মা-বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে এবং শিক্ষকদের পরামর্শ মেনে চলতে হবে। নতুন প্রজন্মই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। তাই প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার পাশাপাশি সাইবার অপরাধ সম্পর্কে সচেতন হওয়া এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া জরুরি।
সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষার্থীরা থানার এ ধরনের সচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করেন।