নওগাঁর রানীনগরে রামদাসহ চিহ্নিত এক আন্তঃজেলা ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় জনসাধারণের সহায়তায় নওগাঁ-রানীনগর সড়ক থেকে মো. ইমন (২৪) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ইমন ও তার সহযোগীরা রাতে নওগাঁ-রানীনগর সড়কে চলাচলকারী বাস ও ট্রেনের যাত্রীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনতাই করত বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ইমনের বিরুদ্ধে দস্যুতা মামলা করা হয়েছে। তার পলাতক সহযোগীদের গ্রেপ্তারে নওগাঁ সদর, রানীনগর থানা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে অভিযান চালানো হচ্ছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সড়কে ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ছিনতাই দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।