Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / ফটিকছড়িতে বাবার ট্রাক্টরের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু - Chief TV

ফটিকছড়িতে বাবার ট্রাক্টরের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু - Chief TV

2026-09-09  ডেস্ক রিপোর্ট  51 views
ফটিকছড়িতে বাবার ট্রাক্টরের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু - Chief TV

চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ত্বহা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব ফটিকছড়ির পুরাতন স্লুইসগেট এলাকার চেঙ্গরবিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ত্বহা উপজেলার ভুজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিমপুর টিলাপাড়া এলাকার বাসিন্দা কোরবান আলীর ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কোরবান আলী নিজস্ব ট্রাক্টর নিয়ে বিলে জমি চাষ করতে যান। এ সময় ত্বহাও বাবার সঙ্গে ট্রাক্টরে ছিল। একপর্যায়ে বাবার অগোচরে ত্বহা ট্রাক্টর থেকে নিচে পড়ে যায়। পরে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য এস এম মুসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাবার সঙ্গে জমি চাষ দেখতে বিলে গিয়েছিল শিশুটি। ট্রাক্টর থেকে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Share: