টাঙ্গাইলের বাসাইলে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রংমালা রানী (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার বাসুলিয়া চাপড়াবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রংমালা রানী বাসাইল সদর ইউনিয়নের হান্দুলীপাড়া গ্রামের নরেন্দ্র মন্ডলের স্ত্রী। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাঁটতে বের হয়েছিলেন রংমালা রানী। এ সময় বাসাইল থেকে নলুয়ার দিকে যাচ্ছিল একটি দ্রুতগতির মোটরসাইকেল। মোটরসাইকেলটি পেছন দিক থেকে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়দের দাবি, ধাক্কার পর রংমালা রানীর পরনের কাপড় মোটরসাইকেলের সঙ্গে আটকে যায়। পরে চালক মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, মোটরসাইকেলের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার ঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।