Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / বাগেরহাট / তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন - Chief TV

তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন - Chief TV

2026-09-12  ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ  35 views
তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন - Chief TV

ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশব্যাপী পরিচালিত বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় আগামী ৯০ দিন জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। বিশেষ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে গুরুত্ব দেওয়া হবে।

জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস-আদালত এবং নির্মাণাধীন ভবনের আশপাশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বাসাবাড়ি, টব ও পরিত্যক্ত পাত্রে পানি জমে থাকা রোধে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এ কার্যক্রমে জনপ্রতিনিধি, শিক্ষক, স্কাউট ও সামাজিক সংগঠনের কর্মীদের সম্পৃক্ত করে সচেতনতামূলক প্রচার এবং উঠান বৈঠকের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধকে মৌসুমি কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা জরুরি। তিন মাসব্যাপী এ কর্মসূচির পাশাপাশি নিয়মিত তদারকি ও জনসম্পৃক্ততা নিশ্চিত করা গেলে বাগেরহাটে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।


Share: