কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ পরিচ্ছন্নতা রক্ষায় সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ভূরুঙ্গামারী সরকারি কলেজ ও সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়ে পৃথকভাবে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন সংগঠনটির নেতাকর্মীরা।
রোববার সকাল ১১টার দিকে ভূরুঙ্গামারী সরকারি কলেজ মাঠে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. মাইদুল হোসাইনের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এ সময় কলেজ প্রাঙ্গণের বিভিন্ন স্থান পরিষ্কার করা হয়। পাশাপাশি ঝোপঝাড় ও জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচিতে ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মো. মুরাদ হাসান রেজওয়ানসহ উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অন্যদিকে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়েও ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ পরিচ্ছন্নতা নিয়ে বিশেষ কর্মসূচি পালন করা হয়। কলেজ ক্যাম্পাসের আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি জমে থাকা পানি ও জলাবদ্ধতা দূর করতে কাজ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এ কর্মসূচিতে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাহিমুল ইসলাম রাহাত, সাধারণ সম্পাদক মো. শিহাব হোসেন, প্রচার সম্পাদক সায়েদ, আকিমুল ও মোহাম্মদ আলীসহ কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানো এবং ডেঙ্গু সম্পর্কে সতর্কতা তৈরিই এ কর্মসূচির মূল লক্ষ্য।
ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, সাধারণ মানুষকে ডেঙ্গুর প্রকোপ থেকে সুরক্ষিত রাখতে এবং তরুণদের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক ও সামাজিক কর্মসূচি অব্যাহত রাখা হবে।