টাঙ্গাইলের সখিপুরে পারিবারিক কলহের জেরে মায়ের ছুরিকাঘাতে মো. আশরাফুল ইসলাম নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় ওই নারীর আগের স্বামীর ঘরের এক মেয়ে গুরুতর আহত হয়েছে। পরে ক্ষুব্ধ স্থানীয়রা শিশুটির মা আকলিমা আক্তারকে আটক করে রশি দিয়ে বেঁধে রাখেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ১০ নম্বর বড়চওনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেবরাজ খালিয়ার বাইদ পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল একই এলাকার মো. শাহিন আলম ও তার দ্বিতীয় স্ত্রী আকলিমা আক্তারের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, আকলিমা আক্তার তিন দিন আগে তার আগের স্বামীর ঘরে জন্ম নেওয়া মেয়েকে নিয়ে ওই বাড়িতে আসেন। এ সময় তার নিজের ছেলে আশরাফুল শাহিন আলমের প্রথম স্ত্রীর কাছে থাকায় বিষয়টি নিয়ে তিনি আপত্তি জানান। এ নিয়ে পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয়।
স্থানীয়দের দাবি, পারিবারিক কলহের একপর্যায়ে আকলিমা তার শিশু সন্তান আশরাফুলকে ছুরিকাঘাত করেন। একই ঘটনায় তার আগের স্বামীর ঘরের মেয়েটিও গুরুতর আহত হয়।
পরে আশরাফুলকে দ্রুত ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মেয়েটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা আকলিমাকে আটক করে রশি দিয়ে বেঁধে রাখেন। খবর পেয়ে সখিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় মামলা ও পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।